বাকৃবিতে পশু পালন অনুষদের ২২তম ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন অনুষদের আয়োজনে ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৬, মঙ্গলবার সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের সাবেক ডিন প্রফেসর (অব:) মো: নজমুল হাসান, প্রফেসর (অব:) ড. এস.ডি. চৌধুরী, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এর পরিচালক ড. মাহফুজ আলম, সিপি বাংলাদেশ লিমিটেডের ডিপার্টমেন্ট ম্যানেজার মো: আনিসুর রহমান। পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ড. মো: শরীফুল ইসলাম ও জেসমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আবুল হাশেম। ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন প্রফেসর ড. বাপন দে। ইন্টার্নশীপ প্রোগ্রামের উপর আরও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. রফিকুল ইসলাম খান, প্রফেসর ড. মো: রুহুল আমীন, সিপি বাংলাদেশের ড. মো: নুরুজ্জামান প্রমুখ। এছাড়াও ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বর্তমান কর্মক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে ও শিল্পকারখানায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অর্জিত ত্বাত্তিক জ্ঞানের সঙ্গে বাস্তবতার নিরিখে ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক কৃষি ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১২ ক্রেডিটের ছয়মাস মেয়াদি পশু পালন অনুষদের এই ২২তম ব্যাচে সর্বমোট ১৮৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করছে এবং এদের মাঝে ১৮ জন বিদেশে( ৫টি দেশে) তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করবেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পশু পালন অনুষদের সকল বিভাগীয় প্রধান, উর্ধ্বতন শিক্ষক,গবেষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।