বাকৃবি ভাইস চ্যান্সেলরের সাথে সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
সিটি ইউনিভার্সিটির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহদাত কবির, ডীন, কৃষি অনুষদ প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম এবং রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন। এছাড়াও সিটি ইউনিভার্সিটির কৃষি বিভাগের চারজন শিক্ষক প্রতিনিধি দলে অংশ নেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহীদুল হক এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে যৌথ কার্যক্রম ও একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।