বাকৃবিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।২১ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ০৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার-১ কৃষিবিদ ড. এ.কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. হুমায়ুন কবির, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমাদ খায়রুল হাসান, বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো: আতিকুর রহমান এবং সদস্য সচিব মো: সফিকুল ইসলাম শফিক, পরিচালক কৃষি মিউজিয়াম মো: মনির উদ্দীন,কৃষিবিদ মো: সরোয়ার হোসেন, পরিচালক আর্থ- সামাজিক ও প্রশিক্ষণ ব্যুরো, ডেপুটি রেজিস্ট্রার মো: বোরহান উদ্দিন,
তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন মরহুমা বেগম খালেদা জিয়া একটি ইতিহাস, একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জীবনদর্শন ছিল উনার মধ্যে এবং উনার জীবনদর্শন এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনদর্শন এসেছে বর্তমান বিএনপি’র চেয়ারম্যান মহোদয়ের কাছে। জনাব তারেক রহমানের উপর বিরাট দায়িত্ব এসেছে কিভাবে সবাইকে নিয়ে এই দেশটাকে আরও পরাধীনতার শৃঙ্খলে যেন আবদ্ধ না হয়, গণতন্ত্র যেন এ দেশ থেকে হারিয়ে না যায়, ফ্যাসিজম যেন এখানে শিকড় গাড়তে না পারে তা প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়ার জীবনে সহনশীলতা,গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ-তিতিক্ষা, অত্যন্ত অনুকরণীয় যে চরিত্র, সবকিছুর সমাহার ছিল।
এমন কোনো মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না, যারা উনাকে বলতে পারবেন উনি মানুষকে আঘাত করেন, মানুষের প্রতি অন্যায় করেন, এরকম কোনো পার্সনালিটি উনার ছিল না।তিনি ছিলেন এক মহীয়সী নারী যিনি গণতন্ত্রের কাণ্ডারি ছিলেন। একজন দৃঢ়চেতা সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে অধীষ্ঠিত হয়ে সকল মানুষের মনিকোঠায় স্মরণীয় হয়ে থাকবেন।
উনি একজন সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের একজন ভালো মানুষ, সত্যিকারের একজন মানে অনুকরণীয় রাজনৈতিক নেতা এবং আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন।উনার জন্য আমরা মন থেকে দোয়া করবো আল্লাহ যেন উনাকে পরপারে শান্তিতে রাখেন এবং উনাকে বেহেশত নসিব করেন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমাদের অনেকের উনার পাশে থেকে, উনার কাছে যেয়ে উনাকে দেখার সুযোগ হয়েছে। উনি ব্যক্তিগতভাবে কী চরিত্রের অধিকারী, কী মেন্টালিটি এবং কত বেশি সহনশীল, সেই জিনিসটা উনার জীবনে এবং কর্মে এ দেশে রূপিত করে গেছেন। আমরা যেন এরকম ভালো মহীয়সী নারীদের চরিত্র, উনার মতো মানুষের চরিত্র যেন ধারণ করতে পারি এবং সারা জীবন যেন আমরা যখনই নামাজ কালাম পড়ি যেন উনার জন্য আমরা দোয়া করি। এই আহ্বান টুকু আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান,শিক্ষক সমিতির সদস্যবৃন্দ,সোনালী দলের সদস্যবৃন্দ, বিভিন্ন দফতরের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, প্রভোস্ট,সহকারী প্রভোস্টবৃন্দ, বাকৃবি শাখা ছাত্রদলের অপরাপর সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী চলমান শোকের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।