বাকৃবিতে বিএডিসি কর্মকর্তাদের জন্য বীজের গুণগত মান ও বীজের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কর্মকর্তাদের অংশগ্রহণে ‘সিড কোয়ালিটি অ্যান্ড সিড হেলথ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টা ১৫ মিনিটে বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, ড. মো: নাজমুল ইসলাম, চিফ সিড টেকনোলজিস্ট, রিসার্চ সেল, বিএডিসি, ঢাকা এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. ইসলাম হামিম।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, প্রফেসর ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পূর্ণিমা দে। স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কৃষিতে বীজের অপরিসীম গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি উপস্থিত বিএডিসির কর্মকর্তাদের অত্যন্ত প্রশিক্ষিত জনবল হিসেবে উল্লেখ করে বলেন, কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ল্যাবের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএডিসির মধ্যে যৌথ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। দেশের কৃষি সেক্টরে বিএডিসির অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ও কার্যকরভাবে কৃষকদের মাঝে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, বিএডিসি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর যৌথ অর্থায়নে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিএডিসির মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।